ওয়াল্টার রডনি
ড. ওয়াল্টার রডনি (১৯৪২–১৯৮০) ছিলেন একাধারে একজন প্রখ্যাত গায়ানিজ ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও প্যান-আফ্রিকান রাজনৈতিক কর্মী। মাত্র ২৪ বছর বয়সে লন্ডনের এসওএএস (SOAS) থেকে আফ্রিকান ইতিহাসে পিএইচডি ডিগ্রি অর্জন করে তিনি মেধার স্বাক্ষর রাখেন। রডনি তাঁর বিখ্যাত গ্রন্থ "হাউ ইউরোপ আন্ডারডেভেলপড আফ্রিকা" (১৯৭২)-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। যা সন্দীপন প্রকাশন থেকে 'আফ্রিকা লুটপাটের ইতিহাস' হিসেবে অনুদিত হয়েছে। এই বইয়ে তিনি দেখিয়েছেন কীভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও দাস ব্যবসা আফ্রিকার সম্পদ শোষণ করে মহাদেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল।বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাধারণ মেহনতি মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে তিনি "গ্রাউন্ডিংস" বা উঠান বৈঠকের সূচনা করেন। তাঁর এই রাজনৈতিক তৎপরতার কারণে তৎকালীন জ্যামাইকান সরকার তাঁকে দেশত্যাগে বাধ্য করে। নিজ দেশ গায়ানায় ফিরে তিনি বর্ণবাদবিরোধী দল ‘ওয়ার্কিং পিপলস অ্যালায়েন্স’ (WPA) গঠন করেন।১৯৮০ সালের ১৩ জুন গায়ানার তৎকালীন স্বৈরাচারী সরকারের মদদে এক পরিকল্পিত বোমা হামলায় মাত্র ৩৮ বছর বয়সে এই মহান বিপ্লবী বুদ্ধিজীবী নিহত হন।
